Wednesday, April 25, 2018

TWIN INFO HUMAN

বিস্ময়কর সহোদর কাহিনি (শেষ পর্ব)

মাহমুদুল হাসান আসিফ : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৪-২২ ১০:৩৬:৩০ এএম     ||     আপডেট: ২০১৮-০৪-২২ ১:০৯:১৪ পিএম
গ্যারি নিসবিট এবং র‍্যান্ডি জুবার্ট
মাহমুদুল হাসান আসিফ : নিজেই নিজের যমজকে জন্ম দেয়া থেকে শুরু করে জন্মের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা চারপাশে অহরহ ঘটে চলেছে। এগুলোর মধ্যে কিছু ঘটনা অত্যন্ত রহস্যময় যা দৈনন্দিন ভাই-বোনের মধ্যে ঘটা খুনসুটির মতো নয়। এসব কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব।

* সবচেয়ে জটিল ও বিরল অস্ত্রোপচার
একইরকম দেখতে যমজের ভ্রূণ সম্পূর্ণরূপে বিভক্ত না হলে জন্মের সময় তারা সংযুক্ত অবস্থায় জন্ম নেয়। ম্যারিল্যান্ড মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুযায়ী, ২ লাখের মধ্যে একটা যমজের এরকম সংযুক্ত অবস্থায় জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। তবে এর মধ্যে মাত্র ২ শতাংশ যমজ ক্রেনিওপেগাস নামক এক সমস্যার কারণে মাথা সংযুক্ত অবস্থায় জন্ম নেয়। হেথার ডেলানি নামে এক মহিলার সঙ্গে এরকম একটি ঘটনা ঘটে। অন্তঃসত্ত্বা অবস্থায় ডাক্তারি পরীক্ষায় ধরা পরে তার ক্রেনিওপেগাস নামক সমস্যাটি আছে এবং তার যমজ সন্তানযুগলের মাথা সংযুক্ত অবস্থায় রয়েছে। ডেলানি এরিন ও অ্যাবি নামে দুই মেয়ে যমজ সন্তান জন্ম দেন এবং জন্মের পর একদল বিশেষজ্ঞ ডাক্তার খুবই জটিল এক অস্ত্রপচারের মাধ্যমে তাদের মাথা আলাদা করতে সক্ষম হন। ২০১৭ সালে ফিলাডেলফিয়া শিশু হাসপাতালে এই অস্ত্রোপচার সংঘটিত হয় এবং ওই হাসপাতালের ৬০ বছরের ইতিহাসে প্রথম এই অস্ত্রোপচার করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা বলেন, শিশু দুইটি একই শিরা এবং ধমনী দ্বারা সংযুক্ত অবস্থায় ছিল কিন্তু মস্তিষ্কের বেশিরভাগ অংশ সংযুক্ত না থাকায় তাদের আলাদা করা সম্ভব হয়। বিশেষজ্ঞ চিকিৎসকগণ উভয় শিশুর জন্য দুইভাগে ভাগ হয়ে গিয়ে এই অস্ত্রোপচার সফল করেন।

* কর্মসূত্রে মিলিত দুইভাই
গল্পটি গ্যারি নিসবিট এবং র‍্যান্ডি জুবার্ট নামে দুই ভাইকে নিয়ে। গ্যারি একটি আসবাব সরবরাহ কোম্পানিতে সাত বছর ধরে কাজ করছিলেন এবং তারপর র‍্যান্ডি সেখানে কাজ নেন। আশপাশের লোকজন প্রায়ই বলাবলি করতো, তারা নাকি দেখতে অনেকটা একইরকম। একদিন ট্রাকে করে আসবাব সরবরাহের সময় গ্যারি র‍্যান্ডিকে জিজ্ঞাসা করে বসলেন যে তাকে দত্তক নেওয়া হয়েছিল কিনা। তখন গ্যারির সামনে সত্যটা প্রকাশ পায় যে র‍্যান্ডিকে দত্তক নেওয়া হয়েছিল। র‍্যান্ডি হচ্ছেন গ্যারিরি সেই ছোটভাই যাকে তিনি খুঁজে বেড়াচ্ছিলেন। দুইভাই একই শহরে বড় হয়েছেন কিন্তু কেউ কারো দেখা পাননি। দুইভাই একে অপরকে খুঁজে পাওয়ার পর তাদের এক বোন জোয়ানে ক্যাম্পবেল ও তাদের খুঁজে পান।

* নিজের পেটে নিজের যমজ
ঘটনাটি ভারতীয় এক ব্যক্তির যার দেহের মধ্যে তার নিজের যমজকে তিনি ৩৬ বছর বহন করে বেড়িয়েছেন। এ কারণে তার পেটের আকার বেশ বড় ছিল। কিন্তু একটা সময় তার শারীরিক অবস্থা বেশ খারাপের দিকে যায় এবং তিনি হাসপাতালে ছুটে যান। তিনি মনে করেছিলেন তার পেটে বড় আকারের একটা টিউমার আছে হয়তো কিন্তু ডাক্তাররা তার পেটের মধ্যে থেকে অদ্ভুত রকমের অর্ধেক পরিপূর্ণ হাত-পাওয়ালা একটি মানুষ বের করে আনেন।

এই বিরল অবস্থাকে ডাক্তারি ভাষায় ‘ফিটাস ইন ফিটাস’ বলে। এই পরিস্থিতিতে মাতৃগর্ভে থাকা অবস্থায় একটি ভ্রূণ আরেকটি ভ্রূণকে সন্নিবেশিত করে ফেলে। সাধারণত এই পরিস্থিতিতে দুইটি বাচ্চাই জরায়ুতে মারা যায় কিন্তু এই ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটেছে। চিকিৎসকরা এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে যান।

* একই মায়ের সম্পর্কহীন সন্তান
সুপারফিটেশান নামে বিরল এক প্রক্রিয়ায় একই মা একটি সন্তান গর্ভে থাকা অবস্থায় অন্য একটি সন্তান ধারণ করতে পারেন। যার গর্ভে সুপারফিটেশান করা হবে তার জরায়ুতে ভিন্ন একটি ভ্রূণ স্থাপন করলে কয়েক সপ্তাহের মধ্যে সেই মা আরেকটি সন্তান তার গর্ভে ধারণ করেন। সাধারণত জটিল এই প্রক্রিয়া সবসময় সম্ভব হয় না কিন্তু কোনো মা চাইলে তার গর্ভে একটি সন্তান থাকা অবস্থায় তিনি আরেকটি সন্তান ধারণ করতে পারেন। এই প্রক্রিয়ার ফলে সম্পূর্ণ আলাদা যমজের জন্ম হয়। তবে গবেষকগণ বলেন, সাধারণ যমজ সন্তানও ভিন্ন হতে পারে।

* নবজাতকের গর্ভধারণ
কোনো নবজাতকের গর্ভধারণ কল্পনাতীত একটি ব্যাপার। সম্প্রতি হংকং-এ এমনই এক শিশুর জন্ম হয়। এরকম ঘটনাকে ডাক্তারি ভাষায় ‘ফিটাস ইন ফিটাস’ বলে এবং এই ধরনের ঘটনা ৫ লাখে একটি ঘটে থাকে। একটি ভ্রূণ আরেকটি ভ্রূণকে সন্নিবেশিত করার ফলে এরকম ঘটনা ঘটে থাকে, যা শুধু চিকিৎসাবিজ্ঞান নয় প্রকৃতির এক অমোঘ রহস্য।

তথ্যসূত্র : রিডার্স ডাইজেস্ট

পড়ুন : বিস্ময়কর সহোদর কাহিনি (প্রথম পর্ব)




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৮/ফিরোজ

বিস্ময়কর সহোদর কাহিনি (প্রথম পর্ব)

মাহমুদুল হাসান আসিফ : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৪-১৯ ১০:৫৫:৩৭ এএম     ||     আপডেট: ২০১৮-০৪-১৯ ১:৪৫:২৬ পিএম
মাহমুদুল হাসান আসিফ : নিজেই নিজের যমজকে জন্ম দেয়া থেকে শুরু করে জন্মের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ঘটনা চারপাশে অহরহ ঘটে চলেছে। এগুলোর মধ্যে কিছু ঘটনা অত্যন্ত রহস্যময় যা দৈনন্দিন ভাই-বোনের মধ্যে ঘটা খুনসুটির মতো নয়। এসব কিছু অবিশ্বাস্য ঘটনা নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব।

নিজেই যখন নিজের যমজ
গল্পটি আমেরিকান গায়িকা ও মডেল টেইলর মুহুলের, যার দেহে দুইটি ভিন্ন ধরনের ডিএনএ বিদ্যমান। আসলে একইসঙ্গে দুইজন মানুষের সত্ত্বা থাকা অনেকটা অসম্ভব একটা ব্যাপার। মুহুলের এই বিরল পরিস্থিতির কারণ হচ্ছে, গর্ভে থাকা অবস্থায় নিজের যমজকে সন্নিবেশিত করে নেওয়া। এটি আসলে একটি জন্মসংক্রান্ত সমস্যা যাকে ডাক্তারি ভাষায় কাইমেরিজম বলে।

মুহুলের দেহে দুইধরনের রোগপ্রতিরোধ ব্যবস্থা আছে, এমনকি তার দেহে দুইধরনের রক্ত প্রবাহিত হয় এবং তার শরীর তার যমজের ডিএনএ প্রতিহত করে রাখে। এই কারণে সবসময় বিভিন্ন ধরনের এলার্জি সহ্য করতে হয়। তাছাড়া তার দেহের মাঝ বরাবর দেহ বিভক্তকারী অদ্ভুত ধরনের জন্মদাগ রয়েছে। মুহুল এটা নিয়ে চিন্তিত ছিলেন এবং তিনি ডাক্তারি পরীক্ষাও করান। রিপোর্টে কোনো সমস্যা ছিল না এবং মুহুল অবশেষে এই বিষয়ে নিশ্চিন্ত হন।

* গুরু যখন আপন বোন
এই গল্পটি জেন ব্রিকার নামে একটি নারীর যার জন্মের সময় কোনো পা ছিল না। তাকে রোমানিয়ার একটি এতিমখানা থেকে ছোট্ট বয়সে দত্তক নেওয়া হয়। তার জিমন্যাস্টিকসের প্রতি প্রবল ঝোঁক ছিল, যদিও তিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন। অলিম্পিক স্বর্ণজয়ী জিমন্যাস্ট ডোমিনিক মোকেনুকে জেন তার গুরু হিসেবে মানতেন। জেনের একমাত্র ইচ্ছা ছিল তার গুরু মোকেনুর মতো হওয়া। পরবর্তীতে ব্রিকার তার স্বপ্নকে বাস্তবে রূপ দেন এবং একজন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্টে পরিণত হন।

২০০৩ সালে ব্রিকার আশ্চর্য এক সত্যের মুখোমুখি হন। ব্রিকার আবিষ্কার করেন, মোকেনু আসলে তার আপন বোন। তার জন্মদাতা পিতা এবং মাতা দুইজনই অলিম্পিক জিমন্যাস্ট ছিলেন। তারপর থেকে ব্রিকার, মোকেনু এবং তাদের তৃতীয় বোন ক্রিস্টিনা আপন বোন হিসেবে একসঙ্গে আছেন।

* একইরকম দেখতে যমজের মধ্যে বিস্ময়কর মিল
১৯৭৯ সালে জিম স্প্রিঙ্গার ও জিম লুইস নামে দুই যমজ ভাই ৩৯ বছর বয়সে পরস্পরকে খুঁজে পাওয়ার পর দেখলেন যে, তাদের দুজনের নামের প্রথম অংশই শুধু একই নয়, বরং তাদের স্ত্রীর নাম একই এবং তাদের কুকুরের নামও একই। এগুলো কেমন কাকতালীয় ব্যাপার বলে মনে হতে পারে কিন্তু এখানেই শেষ নয়। তাদের দুজনেরই দুশ্চিন্তার ফলে মাথাব্যথা করতো, তারা দুজনই দাঁত দিয়ে নখ কাটতেন এবং দুজনই সালেম নামের সিগারেটের নেশায় আসক্ত ছিলেন। তাছাড়া তারা উভয়েই ফ্লোরিডার সমুদ্র সৈকতে সময় কাটাতে পছন্দ করতেন।

আসলে এই ব্যাপারগুলোর ব্যাখ্যা একমাত্র জিনতত্ত্ব দিতে পারে। সাধারণত জিনগত প্রচুর মিল থাকার কারণে এরকম সামঞ্জস্য দেখা যায়।

* জন্মের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুজন
অ্যালিস কলিন্স প্লিবুখ নামে একজন নারী তার আইরিশ অস্তিত্ব খুঁজে বের করার জন্য ডিএনএ পরীক্ষা করান। পরীক্ষায় দেখা যায় তিনি অর্ধেক ইহুদী। তার পিতা-মাতা আইরিশ ছিল। তখন অ্যালিসের মাথায় চিন্তা ঢোকে যে, তার মায়ের অন্য কোনো সম্পর্ক ছিল কিনা। আসলে তার মায়ের অন্য কোনো সম্পর্ক ছিল না কিন্তু তার বাবা জিম কলিন্সের মধ্যে একটা কাহিনি লুকিয়ে ছিল। ১৯১৩ সালের ২৩ সেপ্টেম্বর জিম কলিন্স ফোরডাম হসাপাতালে জন্মগ্রহণ করেন এবং তিনি ইহুদী ছিলেন। সেই একই দিনে একই সময়ে ফিলিপ বেনসন নামে একজন ফোরডাম হাসপাতালে জন্মগ্রহণ করেন। সেই সময়ে বাচ্চাদের শনাক্ত করার জন্য কোনো পরিচয়পত্রের ব্যবস্থা ছিল না। এই কারণে জিম চলে যান এক আইরিশ পরিবারে এবং ফিলিপ চলে যান এক ইহুদী পরিবারে।

এই রহস্যের অবশেষে সমাধান পাওয়া যায় যখন ফিলিপের নাতনী জেসিকা তার ডিএনএ পরীক্ষা করান যা অ্যালিসের সঙ্গে আংশিক মিলে যায়। জিম এবং ফিলিপ জন্মের সময় বদলে যান।

* বোনের জীবন রক্ষার্থে যার জন্ম
ম্যারি এবং আব্রাহাম আয়ালা নামে এক দম্পতি তাদের ১৬ বছর বয়সি মেয়ে অ্যানিসার জীবন বাঁচাতে নতুন এক সন্তানের জন্ম দেন। তাদের প্রথম মেয়ের জন্মের ১৬ বছর পরে ১৯৯০ সালে ম্যারিসা নামে তাদের একটি মেয়ে সন্তান জন্ম নেয়। অ্যানিসা লিউকোমিয়া রোগে আক্রান্ত ছিল এবং তার চিকিৎসার জন্য বোনম্যারু দরকার ছিল যা ম্যারিসার থেকে নেওয়া হয়। মূলত ম্যারিসার পৃথিবীর বুকে আসার এটাই আসল কারণ ছিল।
পরবর্তীতে ম্যারিসার বোনম্যারু অ্যানিসার দেহে প্রতিস্থাপন করা হয় এবং সে সুস্থ জীবনযাপন করতে থাকে। আয়ালা পরিবার মনে করেন তাদের এই ঘটনার মাধ্যমে মানুষের মাঝে বোনম্যারু দান করা নিয়ে সচেতনতা তৈরি হবে। পরবর্তীতে ম্যারিসা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন।

* হিলটন বোনদ্বয়ের কাহিনি
১৯০৮ সালে ডেইজি এবং ভায়োলেট যমজ বোনের জন্ম হয়। তাদের মা তাদের চাননি। এই কারণে ধাত্রী ম্যারি হিল্টন তাদের নিয়ে নেন। আসলে ম্যারি যমজ বোনদুটিকে তাদের মায়ের কাছ থেকে কিনে নেন তার এবং তার স্বামীর মদের দোকানে নাচিয়ে হিসেবে কাজে লাগানোর জন্য। ম্যারি মেয়ে দুইটিকে নাচের এবং লোকরঞ্জনের নানান প্রশিক্ষণ দিয়ে বড় করেন এবং তারা পরবর্তীতে বেশ খ্যাতি অর্জন করে। কিন্তু তাদের এই কাজের মধ্যে দিয়ে কোনো ভবিষ্যৎ ছিল না, কেননা ম্যারি এবং তার স্বামী মেয়ে দুটির রোজগারের টাকা আত্মসাৎ করে ফেলতো।

পরবর্তীতে ডেইজি এবং ভায়োলেট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং শেষমেশ নর্থ ক্যারোলিনাতে বসবাস শুরু করেন। ১৯৬৮ সাল দুইবোন একইসঙ্গে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা যায় এবং তাদেরকে একইসঙ্গে একটি কফিনে দাফন করা হয়।

(আগামী পর্বে সমাপ্য)



রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৮/ফিরোজ

No comments:

Post a Comment