Monday, October 8, 2018

soil archive info in khulna, Bangladesh

খুবিতে দেশের প্রথম সয়েল আর্কাইভ স্থাপন

মুহাম্মদ নূরুজ্জামান : রাইজিংবিডি ডট কম
 
  Share 
প্রকাশ: ২০১৮-১০-০৮ ৪:২৫:০৯ পিএম     ||     আপডেট: ২০১৮-১০-০৮ ৫:০২:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক, খুলনা : বাংলাদেশ বনবিভাগের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র কারিগরি সহায়তায় এবং যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় দেশের প্রথম সয়েল আর্কাইভের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ২০ ফুট ভূগর্ভে স্থাপিত আর্কাইভের উদ্বোধন করেছেন।

এই সয়েল আর্কাইভে বাংলাদেশ ফরেস্ট ইনভেন্টরি প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৬৯৮ প্লটের ৪২২৫টি মাটির নমুনা সংগৃহীত রয়েছে, যা মাটি নিয়ে নানামুখী গবেষণা দ্বার উম্মোচিত করবে।

আর্কাইভ উদ্বোধনের আগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের প্রথম সয়েল আর্কাইভ স্থাপনের ফলে এক জায়গা থেকে দেশের সমগ্র অঞ্চলের মাটির প্রকারভেদ, গুণাগুণসহ নানা তথ্য উপাত্ত জানা যাবে।

প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, এই আর্কাইভ বনবিভাগ, কৃষি বিভাগ, পরিবেশ বিভাগ, মৃত্তিকা সম্পদ বিভাগসহ কৃষির সকল সেক্টরের জন্য গবেষণার নতুন জায়গা তৈরি করবে। এর ভিত্তিতে দেশে কোন এলাকায় কী ধরনের মাটিতে কী ধরনের গাছ, ফসল ফলানো যাবে তার উপযোগিতা নির্ধারণ সহজ হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থীদের জন্য এটা উপকারে আসবে।

তিনি আরও বলেন, বেঁচে থাকার জন্য বৃক্ষরাজি গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক, বাংলাদেশ বন বিভাগের খুলনা সার্কেলের বন সংরক্ষক মো. আমীর হোসেন চৌধুরী এবং এফওএ’র আন্তর্জাতিক পরামর্শক ড. ক্রিস্টফার জনসন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উডটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. ইনামুল কবীর।

সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করেন খুবির প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং বিএফআই প্রকল্পের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. জহির ইকবাল।




রাইজিংবিডি/খুলনা/৮ অক্টোবর ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল

No comments:

Post a Comment